প্রাণিসম্পদ খাতে চাহিদার তুলনায় দেশীয় ভ্যাকসিন উৎপাদন অপ্রতুল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমানে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দেশে তৈরি হয়, বাকি ৮৫ শতাংশই আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশেই প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জনে উদ্ভাবন ও গবেষণা আরও জোরদার করতে হবে।
সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলন কক্ষে আয়োজিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএলআরআইয়ের বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ইতোমধ্যেই জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। ওয়ান হেলথ ধারণাকে প্রাধান্য দিয়ে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গবেষণার পরিধি আরও বাড়াতে হবে।
প্রাণিসম্পদ খাতে অপরিকল্পিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় খামারিদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। অ্যান্টিবায়োটিকের সঠিক ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি উৎপাদন খরচও কমে আসবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পোশাক খাতের শ্রম পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের পর পোশাক শ্রমিকরা কারখানায় ফিরেছেন। তবে একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যা কঠোরভাবে দমন করা হচ্ছে।























