ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাভার মডেল থানার ওসিসহ পুলিশ, সাংবাদিক ও শ্রমিক মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। গোলযোগের মুখে হেমায়েতপুর ও উলাইল এলাকার আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।






















