রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৭৫ জন, ওয়ারী থেকে ৭৪, লালবাগে ৬৯, তেজগাঁওয়ে ৬৩, মতিঝিলে ৫৯, গুলশানে ৩৭, উত্তরায় ৩৪ এবং রমনা বিভাগ থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইল ফোন, ২টি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও নগদ ১৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

























