দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন অপারেটরদের টাওয়ার থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস ও আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের দুটি বিশেষ ব্যাটারিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২), মো. ইউনুস (৪২) ও মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস কক্ষের নিরাপত্তাবেষ্টনী ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর আগে গার্ডের বাজার এলাকা থেকেও একইভাবে আরও ছয়টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুজপুর থানায় মামলা দায়েরের পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী দল প্রথমে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে চক্রের পাঁচ সদস্যকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে রিমান্ডে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থেকে সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর হেফাজত থেকে আরও একটি মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরির শিকার অবশিষ্ট মালামাল উদ্ধার ও চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

























