নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ৪ লাখ ৩ হাজার রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।
আটক দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বসতঘরের খাটের নিচে পুঁটলিতে রাখা ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই মুদ্রার মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী খাটের নিচে তল্লাশি চালিয়ে ভারতীয় রুপিগুলো জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত চোরাচালানের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া দাবি করেছেন যে স্থানীয় গারো সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে তিনি অল্প অল্প করে রুপি কিনে জমিয়ে রাখতেন। তাঁর এই দাবি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

























