রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধে ব্যবহৃত আলামত এবং নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
নথি অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান তাঁর জুনিয়র বন্ধু দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে তিনি বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন।
পুলিশের তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যে জানা গেছে, ঘটনার রাতে তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তিতে গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে দীপ নিজেকে নিহতের জুনিয়র হিসেবে পরিচয় দিলেও তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, হত্যা ও মরদেহ গুম করার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তে সহায়তার জন্য নৌ পুলিশ আসামি দীপকে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

























