দাবানলের ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার বাতাস। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশজুড়ে কয়েক মাস ধরে চলা আগুনের প্রভাবে শুধু গত সেপ্টেম্বরেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
দাবানল ছাড়াও শিল্পকারখানা, যানবাহন ও বর্জ্য পোড়ানোর দূষণ যোগ করে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। একই সময়ে অস্বাস্থ্যকর দূষিত বাতাসে শ্বাস নিতে হয়েছে দেশটির সাড়ে ৫ কোটিরও বেশি মানুষকে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বায়ুদূষণের প্রভাব নিয়ে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিয়েছেন।
প্রকাশিত এক বিবৃতিতে সিআরইএ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় বন ও ভূমিতে আগুনের কারণে বায়ুর মানের অবনতি হয়েছে। এতে চলতি বছরের সেপ্টেম্বরে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬০। আগস্টের হিসাবের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ।


























