অন্যায়, চাঁদাবাজি ও অবৈধ দখলের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে মাদক ও দখলদারত্বমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় যুবসমাজ ও পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আমিনুল হক স্পষ্ট ভাষায় বলেন, তাঁর নিজের কিংবা দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে কালবিলম্ব না করে প্রশাসন ও তাঁকে সরাসরি জানাতে হবে। জড়িত ব্যক্তিদের কোনো ছাড় না দিয়ে তাৎক্ষণিকভাবে আইনের হাতে তুলে দেওয়া হবে।
সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাব ও একাডেমি গড়ে তোলা হচ্ছে। তবে কেবল ক্লাব প্রতিষ্ঠা করলেই হবে না, বছরজুড়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ক্রীড়াসামগ্রী ও সার্বিক সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে এবং দ্রুতই এগুলোর কাজ শুরু হবে। অনুষ্ঠানে বিএনপি নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু এবং পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























