ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তাভর্তি ঘোড়ার হাড়গোড়, চামড়াসহ বিভিন্ন দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে নতুন করে আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার নতুন বাইপাস এলাকায় রাস্তার পাশে বস্তাগুলো দেখতে পান এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাইপাস এলাকায় পরিত্যক্ত বস্তাগুলো পড়ে থাকতে দেখে পথচারীদের কৌতূহল হয়। পরে বস্তার মুখ খুললে ঘোড়ার হাড় ও চামড়া বেরিয়ে আসে। তবে রাতের আঁধারে কে বা কারা এসব ফেলা গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র গোপনে ঘোড়া জবাই করে তার মাংস বাজারে বা রেস্তোরাঁয় বিক্রি করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
তারা আরও জানান, জামালপুরের চরাঞ্চলসহ বিভিন্ন হাটের কম দামি ঘোড়া কিনে এনে মাংস সংগ্রহ করা হচ্ছে বলে তাদের ধারণা। এতদিন এমন গুঞ্জন থাকলেও একসঙ্গে ৩৫ বস্তা হাড়গোড় উদ্ধারের পর সেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবশিষ্টাংশগুলো দ্রুত মাটিচাপা দেওয়া হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, ঘটনার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বস্তাগুলো নিরাপদ স্থানে পুঁতে ফেলার কাজ চলছে।


























