বগুড়া সদর উপজেলায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় দয়াল চন্দ্র (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর অপর দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দয়াল চন্দ্র শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন শ্রী মঙ্গল ও শ্রী সাগর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাজ শেষ করে দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দয়াল চন্দ্র। ঘোড়াধাপ হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকা দয়াল চন্দ্রের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


























