সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—যমুনা সেতু পশ্চিম থানার এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, চালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল মোরশেদুল ইসলাম ও কনস্টেবল নাসিমুজ্জামান। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু।
পুলিশ সুপার জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল চলাকালে সেখানে একটি পুলিশভ্যান দেখতে পাওয়া যায়। এ ঘটনায় কর্তব্যরত কোনো সদস্যের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ভ্যানে থাকা চার সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা-হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ঝটিকা মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে ঘটনার পরপরই সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

























