রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে জামালপুরে সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী গ্রামের সুরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ ঢাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























