তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম আসরে বীরকে দেওয়া জাহ্নবীর একটি পরামর্শ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
অনুষ্ঠানটিতে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। র্যাপিড ফায়ার পর্বে সঞ্চালক করণ জোহর বীরের প্রেমজীবন নিয়ে কোনো পরামর্শ দিতে বললে জাহ্নবী মন্তব্য করেন, ‘কখনোই প্রেমিকাকে কনসার্টে নিয়ে যেও না।’ তাঁর এই মন্তব্যটি তারা ও বীরকে ঘিরে তৈরি হওয়া অতীত বিতর্কের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে সংগীতশিল্পী এপি ঢিলোঁর একটি কনসার্টে মঞ্চে ওঠেন তারা সুতারিয়া। সেখানে গায়ক তারাকে জড়িয়ে ধরেন এবং গালে চুম্বন করেন। দর্শকসারিতে থাকা বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়া তখন অন্তর্জালে তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। ২০২৫ সালে শুরু হওয়া এই প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে বলে সম্প্রতি গুঞ্জন ছড়ালেও দুজনের কেউই এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেননি।
























