ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার মামলায় সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাদ্দামকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ভালুকা উপজেলার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে নিহত রবেন্দ্র ঋষির মা সুলক রানী ঋষি বাদী হয়ে সাদ্দামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবেন্দ্র ঋষি ভালুকার জামিরদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে নরসুন্দরের কাজ করতেন। সাদ্দাম মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই রবেন্দ্রর কাছে টাকা দাবি করতেন। এছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা না দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাদ্দাম। একপর্যায়ে রবেন্দ্র প্রাণ বাঁচাতে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে ও পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নিলে সেখানেও তাঁকে পুনরায় ছুরিকাঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

























