বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
জানা গেছে, সফরকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকের কর্মসূচি রয়েছে।
দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই বন্ধুপ্রতীম দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করাই এ সফরের প্রধান লক্ষ্য।






















