বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলা ও মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্রী পার্টি। গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. কামরুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে সিপিবির ভূমিকা অনস্বীকার্য। একটি প্রগতিশীল রাজনৈতিক দলের কার্যালয়ে গভীর রাতে হামলা চালানো গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর চরম আঘাত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল দলগুলোর ওপর এ ধরনের আক্রমণ দেশে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে। দেশে নির্বাচিত সরকার বিদ্যমান থাকা অবস্থায় এ ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।






















