সৌদি আরবের মক্কার ঐতিহাসিক মসজিদে হারামে একক ইমামের অধীনে জামাতে নামাজ আদায়ের শতবর্ষ পূর্ণ হয়েছে। ১৯২৬ সালে তৎকালীন বাদশাহ আবদুল আজিজ পৃথক পৃথক জামাতের শতবর্ষী প্রথা বিলুপ্ত করে সব মুসল্লিকে এক ইমামের পেছনে নামাজ আদায়ের যুগান্তকারী নিয়ম চালু করেন।
এর আগে মসজিদে হারামে শতাব্দীর পর শতাব্দী ধরে চারটি পৃথক স্থানে চার মাজহাবের (হানাফি, শাফেয়ি, মালেকি ও হাম্বলি) অনুসারীরা নিজ নিজ ইমামের পরিচালনায় পর্যায়ক্রমে সালাত আদায় করতেন। ফলে একই ওয়াক্তের নামাজ কয়েকবার অনুষ্ঠিত হতো।
বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত প্রচলিত এই ব্যবস্থা বন্ধে ১৯২৬ সালের ২৭ অক্টোবর বাদশাহ আবদুল আজিজ আলেমদের সঙ্গে আলোচনার পর ঐক্যবদ্ধ জামাতের নির্দেশ দেন। এর মাধ্যমে মক্কার হারামে একক জামাতের পুনর্জাগরণ ঘটে, যা প্রিয় নবী (সা.) ও সাহাবিদের আমলের সুন্নাহর সঙ্গে সম্পূণরূপে সামঞ্জস্যপূর্ণ।
বিগত ১০০ বছর ধরে বিশ্বজুড়ে আসা লাখ লাখ মুসল্লি মসজিদে হারামে পরম ঐক্যের সঙ্গে একই ইমামের পেছনে সালাত আদায় করে আসছেন। সৌদি আমলের শুরুর দিকে নেওয়া এই পদক্ষেপটি মুসলিম বিশ্বের ঐক্য ও সংস্কারের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয়।


























