স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা ইসলামি শরিয়তে সম্পূর্ণ অবৈধ ও নিষিদ্ধ। এ ধরনের বিয়ে অনুষ্ঠিত হলেও তা শরিয়তের দৃষ্টিতে বাতিল ও অকার্যকর বলে গণ্য হবে।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, দুই বোনকে একই সঙ্গে এক স্বামীর অধীনে রাখা বা সংসার করা হারাম। তবে প্রথম স্ত্রীর মৃত্যুর পর বা যথাযথ নিয়ম মেনে বিবাহবিচ্ছেদ ঘটে থাকলে তাঁর বোনকে বিয়ে করায় কোনো বাধা নেই।
পবিত্র কোরআনে সুরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ‘আর দুই বোনকে একত্র (বিয়ে) করা তোমাদের ওপর হারাম করা হয়েছে।’
হাদিস শরিফেও এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। হজরত উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) দুই বোনকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা বা বিয়ে করা হালাল নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন (সহিহ বোখারি)। তাই একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা থেকে বিরত থাকা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।

























