গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা থানায় এজাহার দাখিল করলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালায়। এজাহারে উল্লেখ করা হয়, কার্যালয়ের চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় নেতাদের ছবি ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে, যাতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
মামলার বাদী মো. মাসুদ রানা জানান, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ দলবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























