বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের প্রধান নদীগুলোতে পানির প্রবাহ বাড়ানো সম্ভব হলে নদীগুলো নতুন প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ার বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করা অত্যন্ত জরুরি। এ জন্য বর্ষার পানি সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় পানিসম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। পদ্মার শাখা-উপশাখায় পর্যাপ্ত পানি না থাকায় সমুদ্রের লবণাক্ত পানি ভেতরের দিকে চলে আসছে, যা সুন্দরবনসহ সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ কমেছে, যার পেছনে ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব অন্যতম কারণ। পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


























