চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সকালে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নগরীর সৌন্দর্য বিনষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা অপরিহার্য।”
প্রশাসক আরও বলেন, অপরিকল্পিতভাবে অনুমোদনহীন ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে নগরীর নান্দনিক পরিবেশ নষ্ট করা যাবে না। নাগরিক দুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
চসিক সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে অবৈধ দখল ও যত্রতত্র প্রচারসামগ্রী সাঁটানোর কারণে জনচলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। অভিযানকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























