ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার মধ্যেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর নদী রক্ষা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ ভাঙনে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় উপকূলীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আকস্মিক ঝোড়ো হাওয়া ও নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে বন্যতলা এলাকার বেড়িবাঁধের প্রায় সাড়ে ৩০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনকবলিত স্থানে মাত্র এক থেকে দেড় ফুট বাঁধ অবশিষ্ট রয়েছে।
পরিস্থিতি বেসামাল দেখে স্থানীয়ভাবে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়। মুহূর্তের মধ্যে শত শত গ্রামবাসী জড়ো হয়ে নিজেদের বসতভিটা রক্ষায় স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালান। দ্রুত মেরামত করা না গেলে প্রতাপনগর ইউনিয়নের বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সময়মতো সংস্কার না করায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আগে থেকে কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা নাজুক হতো না।
ভাঙনের বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, ভাঙনের ঘটনা জানার পরপরই পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাঁধে ডাম্পিংয়ের কাজ তদারকি করা হচ্ছে।

























