স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে অবহিত করেন। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর ক্রমাগত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আলোচনায় কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলো বিশেষ গুরুত্ব পায়।
এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের একটি দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

























