জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। জাপানের স্থানীয় সময় বুধবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং ঢাকায় জেবিআইসির একটি স্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির ধারাবাহিক সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন আইন-কানুন সহজীকরণের সংস্কার কাজ অব্যাহত রেখেছে।’ পাশাপাশি বাংলাদেশে জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময় ঢাকায় জেবিআইসির একটি কার্যালয় খোলার প্রস্তাব দিলে গভর্নর আমাকাওয়া কাজুহিকো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।























