তুরাগ নদ থেকে নিখোঁজ থাকা বিমানবাহিনীর ফ্লাইট লেফট্যানেন্ট কে এম তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন তাঁর খালাতো বোন মোশফেকা জাহান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে পুলিশ গাজীপুরের তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে। ঘটনার পর ফেসবুকে মোশফেকা জাহান অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার কারণে তাহসিফকে চাকরি থেকে অবসরে পাঠানো হয় এবং নিয়মিত মানসিক যন্ত্রণায় রাখা হতো। এমনকি অবসরে যাওয়ার পরও গোয়েন্দা সংস্থায় কর্মরত তাঁর সাবেক সহকর্মীরা তাঁকে নজরদারিতে রেখেছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। তার কী দোষ ছিল? একটি ভিডিও শেয়ার করা? চাকরি থেকে অবসর দেওয়ার পরও মন ভরেনি, অবশেষে তাকে মেরেই ফেলা হলো।” তিনি আরও দাবি করেন, সুস্থ তাহসিফকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়।
























