মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালেই এ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের অর্থনীতি।
আইএমএফের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি উন্নীত হতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে। বিপরীতে একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৭৪৯ ডলারে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে পেছনে ফেলার এই পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন। বিশেষ করে তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে।






















