বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি ও কৌশলগত প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সুযোগ অন্বেষণে ২৫ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করছে। প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি ও টিএএফই এনএসডব্লিউ (TAFE NSW) পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ম্যাককুয়ারি ইউনিভার্সিটির প্রোভাইস-চ্যান্সেলর (গ্লোবাল) অধ্যাপক অ্যান্থনি কাহালান এবং ইউনিভার্সিটি অব সিডনির আন্তর্জাতিক অংশীদারত্ব ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানিয়েল মুইরের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অস্ট্রেডের দক্ষিণ এশিয়াবিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার ভিক সিং এবং ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের জ্যেষ্ঠ পরিচালক মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এডাস্ট) চেয়ারম্যানসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি এবং উচ্চশিক্ষা খাতের অংশীজনেরা প্রতিনিধিদলে রয়েছেন।
সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) ২০২৬-এর ঠিক আগে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ড. মো. সবুর খান আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আলোচনাগুলোকে বাস্তবভিত্তিক অংশীদারত্বে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন, যেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়।






















