চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা মনাকষা এলাকার তরুণদের কারিগরি দক্ষতায় স্বাবলম্বী করতে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আয়োজনে মনাকষা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় ৩৫ জন স্থানীয় তরুণ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান ও মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।


























