সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার। নদী তীরবর্তী দুর্গম এলাকা ও বিভিন্ন ঘাটে গড়ে উঠেছে ইলিশের অস্থায়ী হাট, যেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে সদ্য ধরা ডিমওয়ালা মা ইলিশসহ বিভিন্ন আকৃতির মাছ।
যদিও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযানের দাবি করা হচ্ছে, তবুও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না অবৈধ এই মাছ শিকার ও বেচাকেনা। পদ্মার তাজা ইলিশ পাওয়ার আশায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন অস্থায়ী হাটে ভিড় করছেন শত শত ক্রেতা।
স্থানীয়দের ভাষ্যমতে, মৌসুমি মাছ শিকারি ও কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নিষেধাজ্ঞার এই সময়েও সক্রিয় রয়েছে। ট্রলারে করে নদী থেকে মাছ এনে সরাসরি কিংবা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। শিবচরের মাদবরেরচর, চরজানাজাত, বন্দরখোলা ও কাঁঠালবাড়ির বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বন্দরখোলার কাজিরসূরা এলাকায় গিয়ে দেখা যায়, বিকেলে ট্রলার ভিড়ার পর পরই জেলেরা পাইকারদের কাছে মাছ বিক্রি করছেন। এরপর খুচরা বিক্রেতারা তা নিয়ে বসেন এবং ক্রেতারা ভিড় জমান পছন্দের ইলিশ কিনতে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত জনবলের অভাবে এসব অবৈধ হাট পুরোপুরি নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


























