ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন নিশ্চিত করতে তাঁর সরকার অঙ্গীকারাবদ্ধ বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, তেহরানের শাসনব্যবস্থা উৎখাত এবং তাদের মিত্র হিজবুল্লাহকে নির্মূলের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ধারাবাহিক আলোচনা হয়েছে। নেতানিয়াহুর এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নতুন সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক হুমকি মোকাবেলা এবং যৌথ আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে পৃথক এক সভায় নেতানিয়াহু বলেন, অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল উৎস হলো ইরান। ফলে দেশটির শাসনব্যবস্থা ধ্বংস করা সম্ভব হলেই হিজবুল্লাহসহ অন্য গোষ্ঠীগুলোর চূড়ান্ত অবসান ঘটবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তাঁরা ইতিমধ্যে অধিকাংশ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছেন। তবে তেহরানের ক্ষমতাসীনরা টিকে থাকলে তারা আবারও নিজেদের পরমাণু কর্মসূচি ও মিত্রদের পুনর্গঠন করবে, যা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি সৃষ্টি করবে।


























