নরসিংদীর মনোহরদীতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ভাই-বোনসহ একটি অসহায় পরিবারকে উচ্ছেদ করে বাড়ি দখলের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। মাথা গোঁজার ঠাঁই পুনরুদ্ধারের আকুতি নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আনার কলি ও তার পরিবার।
ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আনার কলির মা নূরজাহান বেগম ২০০২ সালে প্রতিবেশী মাবিয়া বেগমের কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে দলিল ও নামজারি সম্পন্ন করে নিয়মিত ভূমি রাজস্ব পরিশোধ করে আসছিলেন তারা। বিআরএস খতিয়ানেও তাদের নাম রয়েছে এবং পরবর্তীতে এই জমিটি ছোট ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী রাসেলের নামে দলিল করে দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি হারুন অর রশিদ জোরপূর্বক জমিটি দখলের উদ্দেশ্যে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। দুর্বলতার সুযোগ নিয়ে ওই পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলে তারা বর্তমানে নানাবাড়িতে ভাড়া থেকে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে জাবি শিক্ষার্থী আনার কলি ও তার মা নরসিংদীর জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেছেন।
এদিকে অভিযুক্ত হারুন অর রশিদ জমি দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তার স্ত্রী ওই জমি অন্য একজনের কাছ থেকে বৈধভাবে কিনেছেন। তবে এ বিষয়ে প্রশাসনিক কোনো সঠিক কাগজপত্র বা রায়ের কপি দেখাতে পারেননি তিনি।


























