ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান দাঙ্গা ও সহিংসতার মধ্যে একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বার্সেলোনার হয়ে খেলার সময়কার দুটি দুর্লভ স্মারক—একটি স্বাক্ষর করা ম্যাচ জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ড চুরি হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্যারিসের প্লাস দে লা রিপাবলিকের কাছে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে হুডি ও মুখোশ পরা কিছু ব্যক্তি দোকান থেকে ওই স্মারক দুটি ছিনিয়ে নেয়। মেসির নিজের স্বাক্ষর থাকায় জার্সি ও আর্মব্যান্ড দুটির বিশেষ আর্থিক ও ঐতিহাসিক মূল্য রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গত ১৮ অক্টোবর এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ফরাসি রাজধানীতে চলা ভাঙচুর ও সহিংসতার সঙ্গে জড়িত ‘ব্ল্যাক ব্লক’ নামক একটি গোষ্ঠীর সদস্যদের হাতে এই স্মারকগুলো চলে গেছে। ফুটবল স্মারকের বাজারে মেসির ব্যবহৃত সামগ্রীর চাহিদা সবসময়ই শীর্ষে থাকে, যা সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এর আগে কাতার বিশ্বকাপে মেসির পরা ছয়টি জার্সির প্রতিটি ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল।


























