গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নিখোঁজ হওয়া পাঁচ বছরের কন্যাসন্তানসহ এক তরুণীকে ২০ দিন পর বগুড়ার শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান। উদ্ধার হওয়া মোছা. মিতু আক্তার মনি (২৫) সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের বাসিন্দা এবং তার শিশুকন্যার নাম আমাতুল্লাহ আকছা (৫)।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে বাসার নিচ থেকে হঠাৎ নিখোঁজ হন মিতু ও তার মেয়ে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর প্রেক্ষিতে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি।
পরবর্তীতে সোমবার রাতে এসআরবি-১৩ এর রংপুর সদর কোম্পানি এবং এসআরবি-১২ এর বগুড়া ক্যাম্প যৌথ অভিযান চালায় শিবগঞ্জ পৌরসভার হাইস্কুলপাড়া এলাকায়। সেখান থেকে একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


























