‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সংরক্ষণের ওপর নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও আধুনিক মৎস্যচাষে জনসচেতনতা সৃষ্টিই এই পক্ষের মূল লক্ষ্য। পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

























