চলতি বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার বসা এই হাটটি ঘিরে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভরা বর্ষায় এ বাড়ি থেকে ও বাড়ি যাতায়াত, মাছ ধরা, শামুক সংগ্রহ এবং জলমগ্ন এলাকার নিত্যদিনের চলাচলের জন্য ছোট নৌকার চাহিদা থাকে তুঙ্গে। নেছারাবাদের ডুবি ও চামী গ্রামের কারিগরদের তৈরি এসব নৌকা কিনতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বর্ষার এই মৌসুমে শুধু এই হাটটি কেন্দ্র করেই প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকার নৌকা বিক্রির সম্ভাবনা রয়েছে। প্রকারভেদে প্রতিটি নৌকা চার হাজার থেকে আট হাজার টাকায় বিক্রি হয়। তবে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিশ্রামের সুব্যবস্থা না থাকায় কিছু দুর্ভোগ পোহাতে হয় বলে জানান স্থানীয়রা।


























