বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অনন্য নেতৃত্ব, দীর্ঘমেয়াদী অবদান এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
এবারের আসরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান এবং বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা)। এছাড়া আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দৃক-এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণকালে মো. শাখাওয়াত হোসেন এই অর্জনের কৃতিত্ব তাঁর পুরো টিমের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমকে উৎসর্গ করেন। তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানে নিয়ে যেতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। উল্লেখ্য, তাঁর নেতৃত্বে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা প্রিমিয়াম রেসিডেন্সের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর আগেও মো. শাখাওয়াত হোসেন ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, ‘বেস্ট হসপিটালিটি আইকন’ এবং ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে বিশ্বখ্যাত ‘হু’স হু’ ডিরেক্টরি প্রভাবশালী ব্যক্তিদের জীবনপঞ্জি সংরক্ষণ করে আসছে এবং বাংলাদেশে পঞ্চমবারের মতো এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হলো।
রিপোর্টারের নাম 

















