অবাধ তথ্যপ্রবাহকে সভ্যতার অক্সিজেনের সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কেবল তথ্যের প্রবাহ নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং সেই তথ্য সঠিক ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। তথ্যের অবাধ স্বাধীনতার পাশাপাশি ‘ক্লিন ইনফরমেশন’ বা বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, ডিজিটাল যুগে তথ্যের কোনো অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের চরম সংকট রয়েছে। অপতথ্য বা মিস-ইনফরমেশন এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, যা মোকাবিলায় আইন প্রয়োগের চেয়ে সৃজনশীল ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বেশি কার্যকর।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহিতার যে ঘাটতি রয়েছে, তা দূর করতে একটি উন্নত রেগুলেটরি সিস্টেম প্রয়োজন। সরকার কোনো কর্তৃত্ববাদী ভূমিকা নয়, বরং সেবাপ্রদানকারী ব্যবস্থাপক হিসেবে তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার।
রিপোর্টারের নাম 

















