সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্র ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানকে পাঠ্যবই ছাপার কাজ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ছাপাখানার সামগ্রিক মুদ্রণপ্রক্রিয়া, যন্ত্রপাতির সক্ষমতা, কাগজের মান ও বইয়ের বাঁধাইয়ের গুণগত মান সরেজমিনে ঘুরে দেখেন।
বইয়ের ছাপার মান পর্যবেক্ষণের সময় কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টের অসংগতি ধরা পড়লে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দরপত্র নেওয়ার অর্থই হলো নির্ধারিত মান বজায় রেখে সময়মতো বই সরবরাহ করা। কোনো প্রতিষ্ঠান যদি কারিগরি সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে মানহীন কাজ করতে চায়, তা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া সরকারের অঙ্গীকার।’
পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























