প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী দুই মাসের মধ্যে কাঙ্ক্ষিত ও দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ঢাকা ওয়াসার সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
তিনি চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, দাসকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকার পাইপলাইন সংযোগ কাজ দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে পূর্বাচলে পানির নেটওয়ার্ক গড়ে তুলতে অবিলম্বে ডিপিপি প্রণয়নের নির্দেশ দেন।
ওয়াসার প্রশাসনিক কাঠামো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ ও আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আইন সংশোধন করে সারা দেশের ওয়াসা থেকে বোর্ড প্রথা তুলে নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
ওয়াসার কাজে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, ঢাকা শহরে পানির দৈনিক চাহিদা ও সরবরাহ সমপরিমাণ হলেও গত সাত মাসে কোনো নতুন উদ্ভাবন বা দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। ভবিষ্যতে পানির সংকট হলে তার দায় সরকারের ওপর আসবে, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারভিত্তিক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে চোরাই ও অবৈধ পানির লাইন চিহ্নিত করে কঠোর হাতে তা বিচ্ছিন্ন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

























