অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির জোরালো কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি খাতের আধুনিকায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের অত্যন্ত চমৎকার পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ সংকটের উৎস মিয়ানমারে এবং এর সমাধানও সেখানে। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া দেশের টেকসই ভবিষ্যৎ নির্মাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মতো পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।




















