সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের অগ্রাধিকার দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে তিনি এই নিয়োগ প্রক্রিয়ায় নজিরবিহীন দুর্নীতির অভিযোগ এনে কৃষিমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।
সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে এক ধরনের মহোৎসব চলেছে। তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং তাদের মধ্যে ১০ জনই দলের নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ তোলেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিগত সময়ে যারা সারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন, তাদের পুনরায় সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে বিশেষ নিয়ম করা হয়েছিল কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এই নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।

























