লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার করা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চর কাচিয়া গ্রামে ফসলি জমিতে বিশেষজ্ঞ দল এই বোমাগুলো নিষ্ক্রিয় করে।
এর আগে গত মঙ্গলবার রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের একটি ভাড়া বাসার উঠোনের মাটি খুঁড়ে কৌটাগুলো উদ্ধার করা হয়। ওই বাসায় ভোলা সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ভাড়া থাকতেন, যাদের বিরুদ্ধে গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে আড়াল তৈরি করে রহস্যজনক কর্মকাণ্ড চালাতেন। ওই বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, উদ্ধার করা শক্তিশালী আইইডিগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, যা ডিএমপির বিশেষ দল সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
























