ভারতীয় মহাকাব্য রামায়ণকে বড় পর্দায় দেখার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেল নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবীর এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবি মুক্তির পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্য দেখে রীতিমতো মুগ্ধ দর্শক। অনেকেই এই দৃশ্যকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা বলে দাবি করছেন।
রাবণ ও জটায়ুর মুখোমুখি সংঘর্ষ ছবির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সীতাকে হরণ করে পুষ্পক বিমানে করে নিয়ে যাওয়ার সময় রাবণকে বাধা দেয় জটায়ু। সেই যুদ্ধের দৃশ্যই দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। সমাজমাধ্যমে একাধিক দর্শক জানিয়েছেন, দৃশ্যটির ভিএফএক্স, অ্যাকশন এবং আবেগের মেলবন্ধন তাদের মুগ্ধ করেছে। বিশেষ করে আইম্যাক্স পর্দায় এই দৃশ্য দেখার অভিজ্ঞতা অন্য মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন অনেকে।
জটায়ুর একটি ডানা হারিয়ে আকাশ থেকে নীচে পড়ে যাওয়ার মুহূর্ত দর্শকদের আবেগপ্রবণ করেছে। কারও মতে, এই একটি দৃশ্য দেখার জন্যই বড় পর্দায় ছবিটি দেখা উচিত। কেউ আবার রাবণ-জটায়ুর যুদ্ধকে ‘পিক সিনেমা’ বলে উল্লেখ করেছেন।
ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশ। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। সামাজিক মাধ্যমে প্রাথমিক প্রতিক্রিয়ায় রণবীরের শান্ত, সংযত এবং ব্যক্তিত্বময় রাম-রূপ প্রশংসা পেয়েছে। অন্যদিকে, যশের পর্দায় উপস্থিতি এবং রাবণের চরিত্রে তার দাপট নিয়েও আলোচনা চলছে। দর্শকদের একাংশের মতে, রাবণের চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম বড় আকর্ষণ। ছবির ভিজ্যুয়াল এফেক্টস, আবহসঙ্গীত এবং অ্যাকশন দৃশ্যও প্রশংসা পাচ্ছে। এ আর রহমান এবং হলিউডের বিখ্যাত সুরকার হ্যান্স জিমারের সঙ্গীত পরিচালনা ছবির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
শুধু দর্শকদের প্রতিক্রিয়া নয়, বক্স অফিসেও মুক্তির আগেই বড়সড় সাফল্যের ইঙ্গিত দিয়েছে ‘রামায়ণ’। Sacnilk-এর ৪ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, ছবিটির দেশীয় অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় প্রায় ১০৪.৫৮ কোটি টাকা। এই হিসাবের মধ্যে ব্লকড সিটের মূল্যও অন্তর্ভুক্ত। রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে প্রায় ২৭.৬৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিংয়ের নিরিখে হিন্দি সংস্করণ সবচেয়ে এগিয়ে। হিন্দি ভাষায় টিকিট বিক্রি থেকে প্রায় ৮৫.৩৭ কোটি টাকা এসেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তেলুগু সংস্করণ থেকে প্রায় ৮.৫৭ কোটি, কন্নড় থেকে ৭.৮৬ কোটি, তামিল থেকে ২.২৩ কোটি এবং মালয়ালম সংস্করণ থেকে প্রায় ৫৪.৭৪ লক্ষ টাকা এসেছে।
বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, তারকাখচিত অভিনয় এবং ভারতীয় মহাকাব্যের আবেগ—সব মিলিয়ে ‘রামায়ণ’ নিয়ে প্রত্যাশা যে অনেকটাই বেশি, তা বলাই বাহুল্য।
























