মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান তুলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরির অপেক্ষা আর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের দিনে আলোচনার কেন্দ্রে ব্যাটারদের পারফরম্যান্স থাকার কথা থাকলেও সংবাদ সম্মেলনে উঠে এলো ভিন্ন চিত্র। জাতীয় দলের ব্যাটারদের এই সাফল্যের কৃতিত্ব নিজের দিকে না টেনে সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অবদানকে প্রকাশ্যে স্মরণ করলেন নতুন দায়িত্ব পাওয়া কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে সালাহউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন দায়িত্ব পালন করা আশরাফুলের জায়গায় নতুন কোচ আসায় মিরপুর টেস্টের প্রথম দিন শেষে কোচ পরিবর্তনের প্রসঙ্গ ওঠে। তবে দায়িত্ব নেওয়ার পর কৃতিত্ব নেওয়ার কোনো তাড়না দেখাননি সালাহউদ্দিন; বরং সততার সঙ্গে আগের কোচের কাজের স্বীকৃতি দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘এখানে হঠাৎ করে খুব বেশি পরিবর্তন হয় না। ব্যাটারদের সঙ্গে আমার আগের থেকেই যোগাযোগ রয়েছে। পূর্ববর্তী যারা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আশরাফুল, সবাই এক-একটি লেগেসি রেখে যায়। সে নিশ্চয়ই ভালো কিছু কাজ করেছে বলেই আজ ব্যাটাররা মাঠে তার সুফল পাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, কোচিংয়ের সাফল্য এক দিনের ফলে বিচার করা যায় না। গত এক বছর ধরে আশরাফুল ব্যাটারদের নিয়ে যে নিরলস কাজ করেছেন, তার সুফলই এখন পাওয়া যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর ব্যাটারদের মেন্টাল বা টেকনিক্যাল ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কোনো প্রয়োজন দেখেননি বলেও জানান এই অভিজ্ঞ কোচ।


























