মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আসা মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ করতে সাতটি আন্তর্জাতিক ভাষায় একটি ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল মানচিত্র চালু করা হয়েছে। দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এই সেবাটি চালু করে।
এই নতুন মানচিত্রে ১৭টি ক্যাটাগরিতে ৯৫০টিরও বেশি দর্শনীয় স্থান ও সেবাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রায় এক লাখ সম্ভাব্য পথের দিকনির্দেশনা, ৬৫০টির বেশি কিউআর কোড এবং ছয়টি ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন।
নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে পুণ্যার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় সেবা, নির্দিষ্ট স্থান, নামাজের জায়গা এবং অন্যান্য স্থাপনা খুঁজে নিতে পারবেন।
মসজিদে হারামের মানচিত্রে পবিত্র কাবা, মাকামে ইবরাহিম ও সাফা-মারওয়া পাহাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান সুস্পষ্ট করা হয়েছে। অন্যদিকে মসজিদে নববির মানচিত্রে রওজা শরিফ, মহানবী (সা.)-এর হুজরা, প্রধান নামাজের অংশ ও মিম্বরের অবস্থান সহজে শনাক্ত করা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও উমরা পালনকারীদের অভিজ্ঞতা আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতেই আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

























