ফেসবুকসহ নানা যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে অনেকে দাবি করছেন, দীর্ঘকাল বেনামাজি থাকার পর ‘উমরি কাজা’ (জীবনের কাজা) নামাজ পড়ার দরকার নেই। তারা উল্লেখ করছেন, তওবা করলে আল্লাহতায়ালা গুনাহ মাফ করে দেন, তাই নফল ও তাহাজ্জুদ পড়াই উচিত। কিন্তু ইসলামি বিচারে এসব দাবিগুলো ভিত্তিহীন এবং শরিয়ত সমর্থন করে না।
শরিয়তে ঈমানের পরই নামাজের স্থান, যা ইসলামের মূল স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। কোনো ওয়াক্তের নামাজ ছুটে গেলে বা দীর্ঘকাল অবহেলাবশত না পড়লে পরবর্তীতে এর কাজা আদায় করা জরুরি। এ বিষয়টি সহিহ হাদিস, আছারে সাহাবা ও ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত।
হাদিস শরীফে এসেছে, ‘যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় বা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো যখন স্মরণ হবে, তখন তা আদায় করা।’ এই বর্ণনায় ‘নাসিয়া’ শব্দটি ভুলে যাওয়ার পাশাপাশি অবহেলা করে ছেড়ে দেওয়ার অর্থেও ব্যবহৃত হয়। তাই কাজা আদায়ের বিধান শুধু ঘুম ও বিস্মৃতিতে সীমাবদ্ধ নয়, অবহেলাবশত ছেড়ে দিলেও কাজা জরুরি।
আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হলো ইজমায়ে উম্মত। চার মাজহাবের চার ইমামসহ প্রায় সকল মুজতাহিদ এ বিষয়ে একমত যে, ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে পরে হলেও তা আদায় করা আবশ্যক।

























