ময়মনসিংহের তারাকান্দায় মুখ বেঁধে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ভিডিওটিকে অন্য জায়গার বলে দাবি করলেও, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক এটিকে তাদের শাখার বলেই নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ বাঁধা তিন দুর্বৃত্ত আগুন দিচ্ছে। আগুন দেওয়ার সময় একজনকে জ্বালানি ছিটিয়ে দিতে দেখা যায়, যার ফলে মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।
সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ভবনের বারান্দা ও কেচিগেট দেখে রামপুর গ্রামীণ শাখা বলেই মনে হচ্ছে। তবে ভিডিওতে আগুন যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে, সে অনুযায়ী বড় ধরনের ক্ষতি হয়নি। কেবল শাখার দুটি মিটার ও তার পুড়ে গেছে। তিনি বর্তমানে থানায় আছেন এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার নয়, এটি অন্য কোনো জায়গার ভিডিও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























