রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কক্ষেই কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা আহত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগসংবলিত চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনার সময় এ ঘটনার সূত্রপাত হয়। অভিযুক্ত শিক্ষকেরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ড. মো. মনিরুজ্জামান।
অভিযোগসংবলিত চিঠিগুলো নিয়ে কথা বলার একপর্যায়ে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং তা একপর্যায়ে রক্তক্ষয়ী হাতাহাতিতে রূপ নেয়। মারামারির সময় উপাচার্য কক্ষে উপস্থিত থাকলেও তাঁকে নিরব ভূমিকায় দেখা যায়।
এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জ্যেষ্ঠ ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বন্দ্বে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

























