পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশ কোনো উসকানিতেই পা দেবে না। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র বা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত করার চেষ্টা করা হলেও নতুন প্রজন্ম তা গ্রহণ করেনি। ’৭১, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ দেখাবেন না। তিনি আরও অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা বিদেশ থেকে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন। আইনমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জে যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের কোথাও আর অরাজক পরিস্থিতি তৈরির সুযোগ নেই।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভাপতিত্ব করেন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























