বগুড়ার নন্দীগ্রামে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় ওবায়দুল ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার পরচকক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বালুবাহী দুটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে কুন্দারহাট বাজার এলাকায় পেছনের ট্রাকটি সামনে থাকা অপর ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির কেবিন অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালক ওবায়দুল ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহত চালকের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























